Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

তিন বছরের বাকপ্রতিবন্ধী শিশু আছে বিবি সাওদার, নিরাপদে থাকতে চাইলে নিজেকেও কি মুখ বন্ধ রাখতে হবে?

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে ভোলায় জামায়াতে ইসলামের এক নারী কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অনলাইনে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। জামায়াতের অভিযোগ, বিবি সাওদা (৩৭)–কে কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, গ্রেপ্তারকৃত বিবি সাওদার তিন বছরের এক বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার দেখভালের জন্য মায়ের উপস্থিতি জরুরি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হলেও তা উপেক্ষা করা হয়েছে বলে জেলা কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে পুলিশ জানিয়েছে, নিজের ফেসবুক আইডি থেকে বিবি সাওদা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, 'বিশ্বস্ত সূত্রে এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে জানতে পারি–বিবি সাওদা তার ব্যবহৃত 'Redmi Note 9' মোবাইল ফোনে লগইনকৃত ফেইসবুক আইডি 'Sawoda Sumi' থেকে রাষ্ট্র এবং সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করেছে।'

আবেদনে আরও বলা হয়, 'বিবি সাওদা সরকার, রাজনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন।' পুলিশ জানায়, মোবাইল ফোনটির কারিগরি সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পর্যালোচনা সম্ভব হয়নি এবং ফোনটি জব্দ করা হয়েছে। এছাড়া বলা হয়, 'বিবি সাওদা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এ শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত সন্দেহ হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।'

এদিকে এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক তার পোস্টে লিখেছেন, 'ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।'

গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের লিখেছেন, 'বর্তমান সরকার কি হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়? হাসিনার পরিণতি কি এতো তাড়াতাড়ি ভুলে গেছে তারা? বিএনপির সরকার চালায় কারা? সরকারের সমালোচনামূলক একটা পোস্ট শেয়ার দেয়ার কারণে সাঁইত্রিশ বছরের নারীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে বিএনপি সরকার কি বার্তা দিতে চায় আমাদেরকে? কিসের জোরে তারা দিন দিন এমন হঠকারিতা আর স্বেচ্ছাচারিতার দিকে ধাবিত হচ্ছে? তারা কি ভাবতেছে তাদের লাগাম টেনে ধরার মতো কেউ নাই?'

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল তার প্রতিক্রিয়ায় লিখেছেন, 'দেশের বাস্তবচিত্র গণতান্ত্রিক বাংলাদেশের যেকোনো নাগরিক জনসমক্ষে তুলে ধরার অধিকার রাখেন। এটি তার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্র এই অধিকার হরণ করতে পারে না। এই অপরাধে বিবি সাওদা সুমিকে গ্রেফতার করা ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণের নামান্তর। অবিলম্বে বিবি সাওদা সুমিকে মুক্তি দিতে হবে। কার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও চিহ্নিত করতে হবে।'

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button