প্রতিবন্ধকতার শিকলকে ভাঙতে এখনো রক্ত দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিবন্ধকতার শিকলকে ভাঙতে এখনো রক্ত দিতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে। তবে আর যাতে কেউ শিকল পরাতে না পারে সে জন্য শিকলমুক্ত একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড় করাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের নীতি নির্ধারকরাই মূলত শিকল ভাঙার যে পর্ব এবং যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা, সংশ্লিষ্টতা এবং অভিষ্ট লক্ষ্য, সে বিষয়ে সামান্য কিছু বলার চেষ্টা আমরা করেছি। আপনাদের সামনে উপস্থিত হওয়ার কারণটা হচ্ছে আপনাদের মাধ্যমে জাতির কাছে এই দিবসটিকে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস সেটাকে সম্প্রচারে নিয়ে যাওয়া, যুক্ত করা, জানানো।
source: Daily Amar Desh