নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন মন্ত্রণালয়ে

নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতে এই দায়িত্ব বণ্টন সম্পন্ন করার পাশাপাশি একটি মন্ত্রণালয়ে রদবদল আনা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদ গ্রহণ করায় খালি হওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে ড. আবদুল মঈন খানকে।একই সঙ্গে আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অপরদিকে, এ মন্ত্রণালয়ের পূর্বতন মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
নতুন মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে।বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এর আগে এ পদে দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে।
নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির (টেকনোক্রেট)। পূর্বে দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি তিনি পদটি সামলাবেন। অপর প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে (লিংকন) দেওয়া হয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
source: Azadir Dak