শেখ হাসিনার ফেরা, মৃত্যু কিংবা কবর কিছুই দেশে হবে না: সারজিস আলম

১৪শ’ মানুষকে হত্যা করে দেশের মানুষের ভয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কখনো এই দেশে ফিরবে না, তাঁর মৃত্যু ও কবর কিছুই দেশে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার বেলা ১ টায় বরগুনার একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, কথার ফুলঝুড়ি শুনতে চাই না, আমরা দেখতে চাই বিভিন্ন বিষয়ে কাজে পরিণত করবেন। বিএনপির উদ্দেশ্যে বলেন, তাদের নিজস্ব সমস্যা স্বীকার করতে চায়না। চাঁদাবাজ, সন্ত্রাসী, দলীয়করণ এবং আওয়ামী দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। এভাবে দলীয় পদ-পদবি দেখে অপরাধীদের আশ্রয় দিলে এক সময় বিএনপি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনা ইঙ্গিত দিয়ে এনসিপির এই নেতা বলেন, হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না, যা অত্যন্ত দুঃখজনক। এই হামলাকারীদের দ্রত বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সম্পূর্ণভাবে সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করে সারজিস আলম বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে আনার পাশাপাশি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে মাদক নির্মূল করতে হবে।
source: Barta Bazar