রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। লিখিতরূপে এসব সম্মানসূচক শব্দ ব্যবহারের প্রথা অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে। আজ বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
source: The Dhaka Diary