News

ওসামা বিন লাদেন কোথায় লুকিয়ে ছিলেন, মনে রাখুন: জাতিসংঘে ভারত

সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের সমালোচনা করেছে ভারত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত বলেছে, বিশ্বের অনেক শীর্ষ সন্ত্রাসী দুর্গম কোনো এলাকায় নয়; বরং সাধারণ মানুষের বসবাসের এলাকাতেই আশ্রয় নিয়েছিল।

ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি এ কথা বলেন। তিনি আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনসহ ৯/১১ হামলার সঙ্গে জড়িত কয়েকজন সন্ত্রাসীর উদাহরণ তুলে ধরেন।

ভারতের পক্ষ থেকে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনাকারীদের কয়েকজন পরবর্তীতে বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় অবস্থান করছিলেন। তাদের মধ্যে ছিলেন ওসামা বিন লাদেন, খালিদ শেখ মোহাম্মদ, রামজি বিনালশিব, ওয়ালিদ বিন আতাশ ও মুস্তফা আহমেদ আল-হাউসাউই।

ভারত বলেছে, ৯/১১ হামলার পরিকল্পনাকারী বিন লাদেন কোনো দুর্গম সীমান্ত এলাকায় লুকিয়ে ছিলেন না। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সুরক্ষিত বাড়িতে তাকে খুঁজে পায় যুক্তরাষ্ট্র। পরে মার্কিন বাহিনীর অভিযানে তিনি নিহত হন।

ভারতের প্রতিনিধি বলেন, ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীদের যে পরিবেশে আশ্রয় দেওয়া হয়েছিল, পরবর্তী সময়েও একই ধরনের পরিবেশ আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীকে সুযোগ ও সহায়তা দিয়েছে বলে ভারত মনে করে।

তিনি বিশেষভাবে লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের নাম উল্লেখ করেন। ভারতের অভিযোগ, এসব গোষ্ঠী বিভিন্ন নামে নিজেদের কার্যক্রম চালিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে।

ভারতের দাবি, এসব সংগঠনের নেতৃত্ব ও প্রশিক্ষণ অবকাঠামোও দীর্ঘদিন ধরে শাস্তির বাইরে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর জন্য কোনো নিরাপদ আশ্রয়ের সুযোগ না রাখার আহ্বান জানায় নয়াদিল্লি।

ভারতের প্রতিনিধি বলেন, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার ধারাবাহিকতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। এর মাধ্যমে ভবিষ্যতে কোনো দেশ বা দেশের সাধারণ মানুষকে সন্ত্রাসী হামলার শিকার হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে।

ভারত আরও জানায়, লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদ ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর লক্ষ্য ছিল। ওই সময় পাকিস্তানের ভেতরে থাকা এসব গোষ্ঠীর প্রশিক্ষণকেন্দ্র ও কথিত সন্ত্রাসী অবকাঠামোয় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানানো হয়েছিল।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার ওপর জোর দেয়।

প্রতিবেদন: এনডিটিভি

source: Barta Bazar

Leave a Reply

Back to top button