News

চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নদীতে অভিযান ও নজরদারি চালানো হবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। অভয়াশ্রম এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি খালের মুখ বন্ধ করার পাশাপাশি পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেকে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি নিবন্ধিত জেলে কার্ড বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে নিয়োজিত প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে বাধা দিলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

এদিকে নিষেধাজ্ঞার ২২ দিন জেলেদের জীবিকা সংকট কমাতে খাদ্যসহায়তার ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চাঁদপুরের ৪১ হাজার ৩৯০ জন জেলেকে প্রত্যেককে ২৫ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ঋণের কিস্তি পরিশোধের চাপে না পড়েন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আগে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে শেষ সময়ে বাজারে ইলিশের দামও কিছুটা কমেছে বলে জানা গেছে। নিষেধাজ্ঞা শুরুর আগে দূর-দূরান্ত থেকে ক্রেতারাও ইলিশ কিনতে ঘাটে ভিড় করছেন।

মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। তাই নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি ইলিশের পরিবহন, মজুদ ও কেনাবেচাও বন্ধ রাখতে হবে।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসনের পাশাপাশি জেলে, মাছ ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button