News

রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মানির এক তরুণ পর্যটকের ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় অভিযোগ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান ১৮ বছর বয়সী জার্মান তরুণ কিরিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন কিরিল। বিকেলে তিনি নাটোর রেলস্টেশনে নামেন। সেখান থেকে অন্য একটি ট্রেনে ভারতে যাওয়ার জন্য দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন কিরিল। ব্যাগে ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান না পেয়ে স্টেশনেই কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। পরে তিনি বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান।

এরপর নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে। একই সঙ্গে কিরিলকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, বিষয়টি জিআরপি পুলিশের আওতাধীন। তবে বিদেশি নাগরিক হওয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button