News
শুভ মহালয়া আজ

শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে আজ। মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শনিবার (১০ অক্টোবর) শুরু হচ্ছে দেবীপক্ষ। এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহালয়া দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এদিন ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ পূজা, ঘট স্থাপন ও চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষে প্রয়াত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় জল, তিল ও অন্ন উৎসর্গ করা হয়। এই আচারকে বলা হয় তর্পণ।
পুরাণ অনুযায়ী, মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবতারা তাকে পরাজিত করতে ব্যর্থ হলে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি হয়। দেবতাদের দেওয়া অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে বধ করেন।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘোটকে (ঘোড়া) এবং গমন নৌকায়। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
source: The Dhaka Diary