News

আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। এতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার।

সর্বশেষ গত ৫ অক্টোবর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। ওই বিশেষ সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে আবারও আগের সময়সূচি কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আগের নিয়ম বহাল থাকবে। চলতি ২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। 

এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে তা আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button