৩১ দিন পর যে প্রক্রিয়ায় নেভানো হলো ইনানীর গ্যাসকূপের আগুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় বের হওয়া গ্যাসের আগুন অবশেষে ৩১ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে কূপের সারফেসের বিভিন্ন পয়েন্টে জ্বলতে থাকা আগুন বন্ধ করা হয়। কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থা করায় আগুন নিয়ন্ত্রণের অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে বাপেক্স।
বাপেক্স জানায়, পরবর্তী ধাপে নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় কূপের চাপ নিয়ন্ত্রণে মাড ব্যবহার করা হবে।
এক হাজার ফুট গভীরতা পর্যন্ত সফলভাবে খনন করা গেলে কূপের ফরমেশন প্রেশার ভারসাম্যপূর্ণ করে প্রয়োজনীয় মাড প্রয়োগের মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ তৈরি করা হবে।
পরবর্তীতে জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে সম্পন্ন করে প্রাপ্ত তথ্য মূল্যায়নের ভিত্তিতে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আগে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে কূপটিতে আগুন জ্বলছিল।
দীর্ঘ এক মাসের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় এখন কূপটির গ্যাসের সম্ভাবনা যাচাই ও পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের দিকে নজর দিচ্ছে বাপেক্স।
source: The Daily Campus