Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ক্ষমতায় গেলে ট্যাক্স ও ভ্যাট কমাবে জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

বক্তারা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ রাখা হবে। ট্যাক্স ও ভ্যাট (মূল্য সংযোজন কর) বর্তমান হার থেকে ক্রমান্বয়ে কমিয়ে দীর্ঘমেয়াদে ট্যাক্স ১৯ শতাংশ ও ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনা হবে। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু (এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও সামাজিক সেবা এক কার্ডে) করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, জামায়াত ক্ষমতায় গেলে আগামী তিন বছর শিল্পখাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়াবে না। এছাড়া বন্ধ কলকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপে চালু ও শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা দেওয়া; কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা; মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় দলটি।

প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় দলটি। তারা বলেন, গরিব ঘরের মেধাবী সন্তানও যেন হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড ও ক্যামব্রিজে পড়তে পারে সে ব্যবস্থা করা হবে।

জামায়াত ক্ষমতায় গেলে ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। ষাটোর্ধ্ব ও পাঁচ বছরের কম বয়সীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় জামায়াত।

এছাড়া ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’র আওতায় গর্ভধারণ থেকে শুরু করে শিশুর বয়স দুই বছর পর্যন্ত মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য-পুষ্টির নিরাপত্তাকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যের কথাও জানিয়েছে দলটি।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button