যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ গতকাল শুক্রবার এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করা ওই সূত্র জানায়, গত বুধবার একটি বন্ধু দেশের মাধ্যমে নাম প্রকাশ না করে এ প্রস্তাব পাঠানো হয়েছিল।
তবে প্রস্তাবটি বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এই প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়। ইরান এ প্রস্তাবের কোনো লিখিত জবাব না দিয়ে হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই প্রতিক্রিয়া জানিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

