কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ যদি কোনো সমস্যায় পড়ে তবে যেন তার সমস্যার কথা বলতে পারে। একটা কথা বললো, আর পুলিশ এসে ধরে নিয়ে গেলো—নো, মানুষ এটা চায় না।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "মানুষ যেন কথা বলতে পারে। কেউ যদি কোনো অপরাধ করে তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু কথা বলার কারণে হয়রানি মেনে নেওয়া হবে না।"
বিপুল জনসমাগমের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, "আজকে এই রাস্তায় এতো মানুষ ভিড় করলো, তারা তো সবাই বিএনপি করে না। তবুও কেন রাস্তায় নেমে এলো? কারণ মানুষ মনে করে, বিএনপি এখনও সঠিক পথে আছে। তাই মানুষ রাস্তায় নেমে তার সমর্থন জানিয়েছে। কিন্তু এই সমর্থন ধরে রাখতে হলে পরিশ্রম করতে হবে, ছাড় দিতে হবে।"
নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, "আপনি ক্ষমতাসীন দলের কর্মী—এই জিনিসটা মাথায় আনা যাবে না। এটি মাথায় আনলেই বরবাদ হয়ে যাবে।"
আগামী দিনের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "আগামীতে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে সব জায়গায় একজন ক্যান্ডিডেট দিতে হবে। তার আগে সংগঠনকে শক্তিশালী করতে হবে।"
তারেক রহমান নির্দেশ দেন যে, নেতাকর্মীদের আচরণে জনগণ যাতে অসন্তুষ্ট না হয়, সেদিকে সবার আগে খেয়াল রাখতে হবে। একই সাথে সবাইকে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন তিনি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ জিকে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকীসহ সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ এবং জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

