Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

নিলোফার চৌধুরীকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ইসলামের অন্যতম ফরজ বিধান ও পবিত্র ইবাদত যাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের সঙ্গে তুলনা করেছেন। তার এই বক্তব্য শুধু দুঃখজনকই নয়, বরং এটি দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার শামিল। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার মহান বিধান।

পক্ষান্তরে, চাঁদাবাজি হলো জুলুম, অন্যায় ও অপরাধের প্রতীক। এ দুটিকে এক কাতারে আনা বা চাঁদাবাজিকে কোনোভাবে উত্তম হিসেবে উপস্থাপন করা চরম দায়িত্বহীনতা ও ধৃষ্টতার পরিচায়ক। আমি তাঁর এই বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর এ নেতা আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান চেয়ে আসছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল-বাংলাদেশে ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো বিভিন্ন মহল থেকে চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ ধরনের বক্তব্য সমাজে অপরাধপ্রবণতাকে উৎসাহিত করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই নিলোফার চৌধুরী মনির উচিত অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এ বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button