News

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম-মুয়াজ্জিন ও খাদেম থেকে বিএনপি’র চাঁদাবাজি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে পদ হারানো দুই নেতা হলেন—দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জানান, বর্তমান সরকারের পক্ষ থেকে স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত হারুন ও ইউছুফ তাদের ওয়ার্ডের একটি মসজিদের দায়িত্বশীলদের টার্গেট করেন। তারা সরকারি ওই ভাতা কার্ড করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করা হয়।

টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি দলীয় হাইকমান্ডের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাসিবাদের পতনের পর কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডকে বিএনপিতে বরদাশত করা হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে ওই দুই নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button