News

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে কলা, পেয়ারা ও বিভিন্ন প্রজাতির ফলজ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মোসা. লাইজু বেগম নামে এক ভুক্তভোগী।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোসা. লাইজু বেগম। অভিযুক্তরা হলেন, বীরকাঠি এলাকার মৃত আফসির হাওলাদারের ছেলে নথুল্লাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিচ হাওলাদার ও তার ভাই  মো. সবুর হাওলাদার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বীরকাঠি এলাকায় একটি জমি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটির মালিকানা নিয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। এর মধ্যেই গত ১০ আগস্ট রাতে ওই জমিতে থাকা কলা, পেয়ারা এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী লাইজু বেগমের দাবি, রাতের আঁধারে জমিতে থাকা গাছগুলো কেটে ফেলায় তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় তিনি গাছ কাটায় বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে মো. আনিচ হাওলাদার বলেন, “উক্ত জমির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জমিটি শরীফ হোসেন তালুকদার নামের এক ব্যক্তির। ওই জমিতে আমি বা আমার ভাই গাছ কাটার কোনো প্রশ্নই ওঠে না। যদি থানায় অভিযোগ দিয়ে থাকে, তাহলে প্রশাসন তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে জমি নিয়ে যাদের সঙ্গে আদালতে মামলা চলমান, তাদের পক্ষের জমির মালিকানা দাবি করে শরীফ হোসেন তালুকদার বলেন, “এই জমি আমাদের। কিন্তু জব্বার তালুকদার জোরপূর্বক দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করতে চাচ্ছে। আমরা আনিচ হাওলাদারের কাছে জমিটি বর্গা হিসেবে দিয়েছি। ওই জমির গাছ আনিচ কাটেনি, আমিই কেটেছি।”

অভিযোগের বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, “ঘটনা সম্পর্কে জানা নেই। তবে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

source: The Daily Campus

Leave a Reply

Back to top button