পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

ভোলায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার এক বন্ধু ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ সংলগ্ন ভোলা-ইলিশা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেন ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর গুপ্ত মুন্সি এলাকার ব্যবসায়ী মো. ফারুক হোসেনের ছেলে। তিনি স্থানীয় নাজিউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় সজিব এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ভোলার দিকে যাচ্ছিলেন। বুড়ি মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধ পথচারী হঠাৎ মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে সজিব মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় সজিব, তার বন্ধু ও ওই পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনের মধ্যে বৃদ্ধ পথচারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা ও স্বজনরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
source: The Daily Campus