ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর

ঘুরতে বের হয়ে বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী, একই এলাকার তাওহীদ ইসলাম এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা পরস্পরের বন্ধু ছিলেন এবং একই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গিয়ে থামে। পরে বাসের চালক ও সহকারীসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ, গৌরনদী মহাসড়ক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ সময় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মহাসড়ক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং বাসের চালক ও সহকারীর বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. আবুল বাশার বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
source: The Daily Campus