News

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: সাদিক কায়েম

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তাদের পায়ের তলায় আর মাটি নেই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা চেয়েছিলাম আপনারা পাঁচ বছর ভালোভাবে দেশ পরিচালনা করুন। কিন্তু এখন বিএনপির যে অবস্থা, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় আর মাটি নেই। এ কারণে তারা এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই। তার এমপি-মন্ত্রীরা সবাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন।’

‘ভেরিফিকেশন’-এর নামে শিক্ষার্থীদের বাদ দেওয়া এবং নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে ডাকসু ভিপি বলেন, বর্তমান প্রশাসন সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করছে।

তিনি বলেন, ‘আপনারা বলে দেন, সংবিধানের ২৯ নম্বর ধারায় যে ছাত্রদল, যুবদল, বিএনপির এমপি-মন্ত্রীদের সুপারিশ ছাড়া আর কারও চাকরি হবে না।’

বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকট এবং সারা দেশে লোডশেডিংয়ের জন্যও সরকারের ‘সীমাহীন ব্যর্থতা ও অযোগ্যতাকে’ দায়ী করেন সাদিক কায়েম।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, বর্তমান সরকারের সময়ে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় ‘ভেরিফিকেশনের’ মাধ্যমে দলীয়করণ করে বিরোধী মত দমনের চেষ্টা চলছে। পরীক্ষায় ও বিভাগে প্রথম স্থান অর্জন করেও শুধু রাজনৈতিক মতপার্থক্যের কারণে অনেক যোগ্য প্রার্থীকে গেজেটভুক্ত না করা প্রশাসনিক বৈষম্য।

চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয় বা অন্য কোনো বিষয়কে প্রাধান্য না দিয়ে মেধাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধার ওপর দলবাজি চাপানোর পরিণতি ভয়াবহ হতে পারে।’

source: Barta Bazar

Back to top button