News

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যাত্রী উদ্ধার

ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে সাগরে ভাসতে থাকা একটি কাঠের বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেন্ট মার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে এ ঘটনা ঘটে। সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ বোটটি ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। বোটটির কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে সেন্ট মার্টিন ও আশপাশের এলাকায় টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি উদ্ধার করে। এ সময় বোটটিতে পানি ঢুকতে থাকায় নৌসদস্যরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে মানবপাচারকারী চক্রের সদস্যরা প্রতারণার মাধ্যমে নিয়ে এসেছিল। তাদের অধিকাংশকে অপহরণের পর টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই বোটে তোলা হয়।

নৌবাহিনী জানিয়েছে, বোটটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। আটক ১১ জন এবং জব্দ বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

নৌবাহিনীর এই অভিযানে একদিকে মানবপাচার চক্রের সদস্যদের আটক করা হয়েছে, অন্যদিকে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়া বোট থেকে ৭৬ জনকে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা করা হয়েছে।

সমুদ্রসীমায় মানবপাচার, চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

source: The Daily Campus

Back to top button