News
দেশে কেমিক্যাল শিল্পের চাহিদা থাকা সত্ত্বেও ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

দেশে কেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা থাকলেও এ খাতে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুটেক্স ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে এবং ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সহযোগিতায় বুটেক্সের কেন্দ্রীয় খেলার মাঠে এই এক্সপো শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বাংলাদেশের বস্ত্রখাত, গার্মেন্টস সেক্টর ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির শক্তিশালী অবস্থানের কারণে তরুণদের জন্য দেশি-বিদেশি কর্মসংস্থানের বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে। দেশে কেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা থাকলেও এ খাতে ঘাটতি রয়েছে একটি বিশেষ কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠা করা গেলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে ।”
তিনি শিক্ষার্থীদের বিদেশে ডিগ্রি অর্জনের পর জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের মাধ্যমে দেশে শিল্পকারখানা স্থাপনে অংশগ্রহণের আহ্বান জানান।
এক্সপোতে মোট ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টাইটেল স্পন্সর ফুকালার ফিউচার লিমিটেড, প্লাটিনাম স্পন্সর ইম্পেরিয়াল ও ওরিয়েন্ট ডাইস্টাফ অ্যান্ড অক্সিলিয়ারিজ, গোল্ড স্পন্সর অ্যার্ক্রোমা ও সিএইচটি এবং সিলভার স্পন্সর বায়োস্ফিয়ার কনসার্ন ও ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড।
আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন টেক্সটাইল ও রাসায়নিক পণ্য সম্পর্কে জানার পাশাপাশি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছে। বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, শিক্ষার্থীরা এখানে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) দ্বিতীয় ও শেষ দিনে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি পোস্টার মূল্যায়ন, ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে।
source: The Dhaka Diary