News

দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে উৎসব ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, পূজামণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় নিয়ে চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হবে।

এ ছাড়া পূজার সময় যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button