News

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন রণতরি তাড়াতে ইরানের নতুন কৌশল

ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এমন কিছু নতুন কর্মপরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে মধ্যপ্রাচ্য থেকে আরও দূরে সরে যেতে বাধ্য করা হবে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকার দাবি করলেও সেখানে প্রবেশের সাহস দেখাচ্ছে না মার্কিন বাহিনী।

আকরামিনিয়ার দাবি, বর্তমানে ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজগুলো। এমনকি ওমান সাগরেও বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই বলে দাবি করেন তিনি।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণেই মার্কিন বাহিনী ইরানের উপকূল থেকে এতটা দূরে অবস্থান নিতে বাধ্য হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের উল্লেখযোগ্য অংশ মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে। একই সঙ্গে নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং আধুনিক যুদ্ধকৌশল প্রণয়নের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে আকরামিনিয়া বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে তিনি মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারের জন্য একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। প্রায় ৪০ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button