Uncategorized
সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ, ভাইরাল সেই ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের সাবেক এক ছাত্রীর বিরুদ্ধে কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া ‘সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০।
আজ বুধবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষে এ জিডি করা হয়।
জিডির আবেদনে বলা হয়েছে, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো অধিকার তার নেই।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুবাইয়া মেহজাবিন সুহিকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে বক্তব্য দিতে দেখা যায়।
কলেজের দাবি, তিনি প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও কলেজের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, তা জিডিতে উল্লেখ করা হয়নি।
source: The Dhaka Diary