ভারতে বিক্ষোভ দমনে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশি

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত আন্দোলন ঠেকাতে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভে নাম থাকা শিক্ষার্থীদের ফোন ও মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকের বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে।
বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতেও বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রধান মেট্রো স্টেশন ও রেলপথের প্রবেশমুখে মোতায়েন পুলিশ সদস্যরা বিক্ষোভস্থলের দিকে যাওয়া সন্দেহভাজনদের শনাক্ত করে ফেরত পাঠানোর চেষ্টা চালান। আগে আটক ব্যক্তিদের তথ্য ও রেকর্ড বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে সড়কে তল্লাশির সময় দ্রুত তাদের শনাক্ত করা যায়।
তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এড়িয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা, চাকরি ও পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা করতেই এসব প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে আইনজীবী ও অধিকারকর্মীদের অভিযোগ, এ ধরনের নজরদারি এবং বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল।
দিল্লিতে সিজেপি নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা তৃতীয় দিনের মতো মুম্বাইয়েও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন পরীক্ষায় অনিয়মের তদন্ত, শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিজেপি।
সূত্র: এনডিটিভি
আরএ
source: Daily Amar Desh

