বিশ্ব

ইরানি নির্দেশনা না মেনে এগোচ্ছিল ট্যাংকার, ভয়াবহ বিস্ফোরণ

হরমুজ প্রণালীতে ইরানের নির্দেশিত পথে না চলার ফলে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

রোববার দেশটির দিয়ে আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির সংবাদ বলা হয়েছে, কৌশলগত এই জলপথে মাইনের সাথে আঘাত লাগার আগেই ট্যাংকারটি ইরানের নির্দেশিত নির্ধারিত রুট থেকে সরে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা, জাহাজটির পরিচয় বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, গত ২৬ জুন ইরান ঘোষণা দেয় যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল কেবল তেহরান নির্ধারিত নৌপথ ব্যবহার করেই করা যাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটন ইরানে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আগের মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল ঘোষণা করেন। তার অভিযোগ, তেহরান ওই চুক্তি লঙ্ঘন করেছে।

এই ঘোষণার আগে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা এবং কৌশলগত এই জলপথে নৌ-চলাচলের নিয়ম নিয়ে নতুন করে মতবিরোধ দেখা দেয়।

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবাধ নৌ-চলাচলের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, ইরানের দাবি, জাহাজগুলোকে তাদের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করে এবং তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত নৌ-নির্দেশনা ব্যবস্থার অধীনে চলাচল করতে হবে।

সূত্র: আনাদোলু।

এমএমআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button