বিশ্ব

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

ইরান সংকটসহ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে শান্তির পরিধি সম্প্রসারণের নানা উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ‘আমাদের আলোচনার সূচিতে থাকা সব বিষয় নিয়েই কথা বলব। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরান ইস্যু। একই সঙ্গে ইসরাইলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চারপাশে শান্তির পরিধি আরো বিস্তৃত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, এ ধরনের জটিল পরিস্থিতিতে একই সঙ্গে দৃঢ়তা ও প্রজ্ঞা নিয়ে সামনে এগোতে হয়। আমি একটি স্পষ্ট লক্ষ্য নিয়েই এই সফরে যাচ্ছি, তা হলো—আমাদের প্রিয় রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করা।’

নিজের সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে নেতানিয়াহু জানান, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি হতে যাচ্ছে দুই নেতার মধ্যে অষ্টম বৈঠক।

নেতানিয়াহু বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বের অন্য যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানের তুলনায় আমার সঙ্গেই তার সবচেয়ে বেশি বৈঠক হয়েছে। এটি ইসরাইলের জন্য যেমন বড় সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও বটে।’

যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও যোগ দেবেন নেতানিয়াহু।

উল্লেখ্য, স্বল্প সময়ের অসুস্থতার পর গত ১২ জুলাই মারা যান প্রভাবশালী এই মার্কিন সিনেটর।

এএম

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button