News

গুলশানের বাসা থেকে আ.লীগের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি বাসা থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে তার ভূমিকা এবং নিষিদ্ধ সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক, সাংগঠনিক যোগাযোগ এবং বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আখতারুজ্জামানের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়।

আখতারুজ্জামান দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় দলের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। পরবর্তী সময়ে তিনি গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে তার পক্ষে প্রচারণায় গাজীপুর সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিও আলোচনায় এসেছিল।

এমই

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button