News

বিটিভির মহাপরিচালক কে এই কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়। শিক্ষাজীবনে কাজী জেসিন রবার্ট কেনেডি কলেজ ও ইউনিভার্সিটি অব কামব্রিয়া থেকে লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি বিষয়ে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেছেন। জেসিনের লেখালেখির শুরু ১৯৯৭-এ লিটল ম্যাগে প্রবন্ধ লেখার মধ্য দিয়ে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের গণমাধ্যম, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ ও সাংবাদিকতায় কাজ করে আসছেন।

পেশাগত জীবনে তিনি ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বাধীন মিডিয়া প্রোডাকশন হাউস বায়োস্কোপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি যমুনা টিভিতে দৈনিক রাজনৈতিক টকশোর উপস্থাপক ও পরিকল্পনাকারী ছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত বায়োস্কোপ প্রযোজিত ‘পয়েন্ট অব অর্ডার’ অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন।

২০০৮ থেকে ২০০৯ সালে একুশে টেলিভিশনের ‘একুশে সংকেত’ অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন কাজী জেসিন। ২০০৬ থেকে ২০০৭ সালে তিনি দৈনিক রাজনৈতিক অনুষ্ঠান ‘আক্তেল প্রোটিন’-এর উপস্থাপক ও গবেষক ছিলেন। একই বছরে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে যুগ্ম বার্তা সম্পাদক ও অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়া নারী অধিকারভিত্তিক অনুষ্ঠান ‘পদ্মরাগ’-এর পরিচালক, চিত্রনাট্যকার ও উপস্থাপক হিসেবেও কাজ করেছেন।

এর আগে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত এনটিভি বাংলাদেশে সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। বর্তমানে তিনি আত্মজীবনীমূলক অনুষ্ঠান ‘তিনি’-এর পরিচালক ও উপস্থাপক এবং অনুসন্ধানী অনুষ্ঠান ‘এক্সপ্লোসিভ’-এর পরিচালক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button