কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ইয়াছিন (২০) নামের এক কলেজছাত্র। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন রামু সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হলেও পরিবারের সঙ্গে তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া ফুলবাগ সড়কে বসবাস করতেন। তিনি মো. আলী হোসেনের বড় ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে তিন বন্ধু শাহিদ, সোহান ও ওয়ালিদকে নিয়ে সৈকতে বেড়াতে যান ইয়াছিন। প্রথমে তারা কলাতলী সৈকতে সময় কাটান। পরে সুগন্ধা পয়েন্টের দিকে গিয়ে সার্ফিং ক্লাবের সামনের এলাকায় সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে ইয়াছিন পানিতে তলিয়ে যান।
বন্ধুরা জানান, ইয়াছিনকে বাঁচাতে শাহিদ প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিছু সময় তার হাত ধরে রাখতে পারলেও স্রোতের তীব্রতায় হাত ছুটে গেলে মুহূর্তের মধ্যেই তিনি ঢেউয়ের মধ্যে হারিয়ে যান।
পরে বিষয়টি দ্রুত নিকটস্থ পুলিশ বক্সে জানানো হলে সি-সেইফ লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণ অনুসন্ধানের পর তারা ইয়াছিনকে সমুদ্র থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লাইফগার্ড কর্মী মো. শুক্কুর জানান, যে স্থানে ইয়াছিন গোসলে নেমেছিলেন সেটি লাইফগার্ড তত্ত্বাবধানাধীন নিরাপদ এলাকা ছিল না। বর্তমানে সমুদ্র উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে নামা থেকে বিরত থাকার পাশাপাশি সবাইকে নির্ধারিত নিরাপদ জোনে গোসল করার আহ্বান জানান তিনি।
ইয়াছিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহপাঠী ও পরিচিতজনেরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ভিড় করেন। পরিবারের আহাজারিতে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
source: The Daily Campus