News

শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেরপুর সদর উপজেলার মৃগী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০–৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার লছমনপুর ইউনিয়নের ছনকান্দা গ্রাম এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মৃগী নদীর পানিতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট, কালো স্যান্ডো গেঞ্জি, চামড়ার বেল্ট ও কালো জিন্সের প্যান্ট। পায়ে ছিল লোফার জুতা এবং হাতে ছিল সোনালি রঙের একটি ঘড়ি।

লাশ উদ্ধারের পর সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে শেরপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সহযোগিতায় অজ্ঞাতনামা ওই যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে শেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button