মগবাজারে দুই মোটরসাইকেল ও এক অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় উড়ালসেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১১টা থেকে সোয়া ১২টার মধ্যে মগবাজার ওয়্যারলেস মোড় ও গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উড়ালসেতু থেকে নামার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে চাপা দেয়। পরে এটি ফুটপাতে উঠে যায়।
রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকার প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, রাত ১২টার দিকে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও ছোট একটি ট্রাকে ধাক্কা দেয়। পরে সেটি ফুটপাতে উঠে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনসহ অন্তত পাঁচজন আহত হন।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, উড়ালসেতু থেকে নামার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রিয়াদ হোসেন ও জামান আহামেদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রিয়াদের বয়স ২২ বছর এবং জামানের বয়স ৪২ বছর বলা হয়েছে।
জামান নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে। রিয়াদ একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে। দুর্ঘটনার পর তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
source: The Daily Campus