কারেন্ট অ্যাফেয়ার্স

‘ধন্যবাদ হবিগঞ্জ’, হামলার পর চবির বিএনপিপন্থী শিক্ষকের ফেসবুক পোস্ট

গতকাল (২৮ জুলাই) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা করেছে ছাত্রদল নেতাকর্মীরা। সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ হামলা হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী উক্ত হামলায় ২০ জন আহত হয়েছেন। 

গতকাল হামলার পর আজ (২৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এক পোস্টে হবিগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘বললেন “খেলা হবে, আস।” খেলা শুরু হইলে বললেন – “আমরা অপ্রস্তুত, মুখের কথা বলেছি।” ধন্যবাদ হবিগঞ্জ।’’

কী কারণে ধন্যবাদ জানালেন হবিগঞ্জকে জানতে ফোন করলে তিনি তা বলতে রাজি হননি। 

তিনি দ্য ডিসেন্টকে বলেন, ‘‘এটা আমার পার্সোনাল বিষয়, এটা নিয়ে আপনাকে জবাবদিহি করবো কেন?’’ জবাবদিহি নয়—ধন্যবাদ জানানোর কারণটা জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা আপনাকে কেন জানতে হবে? আমার যারা ফ্রেন্ড আছে তারা জানে।’’ 

উল্লেখ্য, জুলাই জাগরণ পদযাত্রা ২০২৬ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার হবিগঞ্জ সফর করেন এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। দিনের শুরুতে তারা আজমিরীগঞ্জ উপজেলা সদরে পদযাত্রায় অংশ নেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। পরে বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত হয় আরেকটি সমাবেশ। কর্মসূচি শেষে সন্ধ্যায় তারা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দিলে পথে হামলার শিকার হন। 

source: The Dissent

Leave a Reply

Back to top button