News

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে আজ

বিএনপির লোগো© সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিন বৈঠক শেষ করে দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়ার প্রস্তুতি রয়েছে।

বিএনপির দলীয় সূত্র বলছে, ‘বিতর্ক এড়াতে সচিবালয়ের বৈঠকটিকে বিএনপির স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে দেখানো হচ্ছে না। তবে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি আগেই চূড়ান্ত করে রেখেছে বিএনপি। দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে।’

মনোনীত প্রার্থীর মনোনয়নপত্রে দলের একজন সংসদ সদস্যের প্রস্তাবক এবং আরেকজনের সমর্থক হিসেবে স্বাক্ষর প্রয়োজন। মূলত এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং অন্য একজন সমর্থক হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা বা নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button