নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

৪৭, ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে বাংলাদেশপন্থী কালচার বিনির্মাণের প্রত্যয়ে গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
আয়োজনে অংশ নিতে সুধীজনকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম ঝুমা স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিন সকালে শরীফ ওসমান হাদির কবর জেয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন তারা। পরে দুপুর ১২ টায় ‘রাহে ইনকিলাব’ নামে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী অনুষ্ঠিত হয়।
এছাড়া আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে ‘আজাদীর মোলাকাত : শহীদ পরিবারের অভিমত’। বিকেল সাড়ে ৩টায় থাকবে ‘শুভাকাঙ্ক্ষীদের অভিপ্রায়’ পর্ব। বিকেল ৪টা ৪০ মিনিটে কবি-সাহিত্যিক ও শিল্পীদের অভিমত তুলে ধরা হবে।
এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ইশক-এ ইনকিলাব : আষাঢ়-শ্রাবণ জুলাই’ শীর্ষক আয়োজন। সন্ধ্যা ৭টায় মঞ্চ নাটক ‘লাল জুলাই’ এবং সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে কনসার্ট।
আয়োজকদের প্রত্যাশা, সবার উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে উঠবে।
source: The Daily Campus