শনিবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে রাজধানীতে জাতীয় উলামা মশায়েখ সম্মেলন করতে যাচ্ছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
আগামী শনিবার দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসী, বিশেষ করে ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, ইমাম-খতিবগণে এ প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি শায়খ আল্লামা সাজিদুর রহমান এবং মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সময়ে খতমে নবুওয়তের আকীদা সংরক্ষণ এবং কাদিয়ানী অপতৎপরতা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। এ লক্ষেই অনুষ্ঠিতব্য জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তারা দেশের সর্বস্তরের আলেম-উলামা ও সচেতন নাগরিকদের সম্মেলনে উপস্থিত হয়ে একে সফল ও সার্থক করার আহ্বান জানান।
খতমে নবুয়ত নেতা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন এ সম্মেলনকে দ্বীন, ঈমান ও খতমে নবুওয়তের হেফাজতের সংগ্রামকে আরও সুসংহত করার মাধ্যম হিসেবে কবুল করেন এবং উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও দ্বীনি চেতনা আরও সুদৃঢ় করে দেন।
source: Daily Amar Desh