দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হচ্ছে। কমিশনের অপর দুই সদস্য হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম সুপারিশ করা হয়েছে।
দুদকের নতুন কমিশন গঠনের জন্য সুপারিশকারী সার্চ কমিটি এই তিনজনের নাম চূড়ান্ত করে প্রতিবেদন জমা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ-কালের মধ্যে নতুন দুদক কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
বিচারপতি আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন।
আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং এলএলএম অর্জন করে ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন ২০০৩ সালের ২ আগস্ট। ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান। তিনি গত ফেব্রুয়ারিতে অবসরে যান।
source: Daily Amar Desh