News

ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ২৭ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৫টার দিকে বুল্লা বাজার থেকে মোশারফ হোসেনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল কখনোই নেবে না এবং বিএনপিতে কোনো মাদক কারবারির স্থান নেই। তিনি আরও জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং বর্তমানে দলের কোনো কার্যক্রমের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button