সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে এবং সংশোধিত ওই বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। তার মতে, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।
তিনি বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার সুযোগ দেখতে পাবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমান ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কও তৈরি হয়েছে।
এসআর
source: Daily Amar Desh