নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?

বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। তবে নির্বাচিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ নাকি স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল শপথ পড়াবেন, এই বিষয়ে দ্বিধান্বিত থাকা মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।
আজ নির্বাচিত হতে যাওয়া রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামীকাল বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের সম্মানিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারার পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের মতামত চাইলে সংবিধান অনুযায়ী মত দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তারই ধারাবাহিকতায় ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
source: The Daily Campus