সেপ্টেম্বরেও কমছে না জ্বালানি তেলের দাম

নতুন মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না। আগস্টের নির্ধারিত দামই সেপ্টেম্বর মাসজুড়ে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বরেও দেশের বাজারে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের দাম সমন্বয় সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বয় করা এই দাম পুরো সেপ্টেম্বর মাসে কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১১৫ টাকায়। কেরোসিনের দাম থাকবে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও দেখুন: বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, বিএনপি-ছাত্রদলের দুই নেতা কারাগারে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পুরো সেপ্টেম্বর মাসে জ্বালানি তেল সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হবে।
source: The Daily Campus