News

যুক্তরাষ্ট্রের তৈরি বিমান ক্রয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো ট্রাম্পের চিঠিতে কী আছে?

ডোনাল্ড ট্রাম্প ও তারেক রহমান© এআই

যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং বিমান কেনার সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

গতকাল সোমবার (৩১ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত হোয়াইট হাউজ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই চিঠি পাঠানো হয়।  

চিঠির শুরুতে ট্রাম্প লিখেছেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি তিনি পেয়েছেন এবং এ সিদ্ধান্তের জন্য তিনি খুবই কৃতজ্ঞ। বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন

চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না, এবং আমি এটি ভুলব না।’ একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্য তাকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। 

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘খুব বেশি দূরবর্তী নয়, ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’

বাংলাদেশের জনগণের প্রতিও চিঠিতে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন সময় পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ হবে বলে তিনি আশাবাদী। 

চিঠির শেষে বাংলাদেশের জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভকামনা জানান।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন বিশেষ দূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ হয়েছে, যার ফলে বাংলাদেশ পূর্বে নির্ধারিত ২৫টি বিমানের বাইরেও আরও বিলিয়ন ডলার মূল্যের অতিরিক্ত ১১টি বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। এই বাণিজ্যিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি ধন্যবাদসূচক আনুষ্ঠানিক এই চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button