News

দেশে এক দিনে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় প্রাণ হারানো তিন শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৮৬ জনের প্রাণহানি ঘটল। যার মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৭ জনের।

প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ১৯ হাজার ৫২৭ জনের শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে। এর পাশাপাশি একই সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের দেহে।

source: Asia Post

Leave a Reply

Back to top button