News

নাম বদলে যাচ্ছে র‍্যাবের, একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে সংসদে আইন সংশোধন বিল উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিলটি প্রাথমিক যাচাই-বাছাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিল উত্থাপনের সময় প্রক্রিয়াটি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আপত্তি জানিয়ে সংসদীয় কমিটিতে অধিকতর সময় আলোচনার দাবি জানান। বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, র‍্যাব বিলুপ্ত করার বিষয়টি তাঁদের নির্বাচনী ইশতেহার ও জনপ্রত্যাশার অংশ ছিল। সার্বিক নিরাপত্তা, সাইবার অপরাধ, জুয়া ও মাদকের বিরুদ্ধে লড়াই করতে পুলিশ বাহিনীর অধীনে প্রযুক্তিগতভাবে দক্ষ একটি এলিট ফোর্সের প্রয়োজনীয়তা থেকেই এসআরবি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্থাপিত বিলে বলা হয়েছে, নতুন গঠিত এসআরবি বাংলাদেশ পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। এর প্রধান কার্যালয় হবে ঢাকায় এবং এটি পরিচালনা করবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন মহাপরিচালক। পুলিশ ও অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিটটি গঠিত হবে, যার মূল লক্ষ্য থাকবে ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা।

বিলের ১০ ধারা অনুযায়ী, এই নতুন বাহিনীর প্রধান কাজের মধ্যে থাকবে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, গুম এবং সাইবার অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ আদালত বা পুলিশ প্রধানের নির্দেশ অনুসারে যেকোনো অপরাধের তদন্তের ভারও এই ইউনিটের ওপর ন্যস্ত থাকবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button