News
রাষ্ট্রপতির সম্মতিতে এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করা হলে রাষ্ট্রপতি তা মঞ্জুর করেন।
দণ্ড বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ইমাম তৌহিদ হাসান শাকিল (উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা), মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর), মোনালিসা শাহরীন সুমিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ), মো. মামুন মিয়া (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর), চাঁদ সুলতানা চৌধুরানী (অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-গাজীপুর), সুলতানা হাবীব (অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-১২, ঢাকা), মুরাদ আহমেদ (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-যশোর), মামুনা খাতুন (যুগ্ম কর কমিশনার, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা), মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর) ও মো. জিল্লুর রহমান।
২০২৫ সালে এনবিআর সংস্কারসংক্রান্ত অধ্যাদেশ জারির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এ আন্দোলনে এনবিআরের আওতাধীন বিভিন্ন কর অঞ্চলসহ কাস্টম হাউস ও বন্দরের রাজস্ব কর্মকর্তারা জড়িয়ে পড়েন।
তাদের পক্ষ থেকে দাবি তোলা হয়, রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করা হলেও কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে। একপর্যায়ে আন্দোলনরত কর্মকর্তাদের গণহারে বদলি শুরু হয়।
এই আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বড় ধরনের বাঁধার মুখে পড়েছিল। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।
পরবর্তী সময়ে আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগে আন্দোলনে জড়িত ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে আয়কর ক্যাডারের ১৪ জন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডারের ১০ জন কর্মকর্তা শাস্তি মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান।
source: The Dhaka Diary