News

অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম

অটোরিকশাচালকদের কর্মসংস্থান বজায় রেখেই ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নতুন নীতিমালা ও বিধিমালা কার্যকর করতে যাচ্ছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নতুন নীতিমালা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে প্রতিটি অটোরিকশায় কিউআর কোড এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে, যেন একই নম্বরে একাধিক অবৈধ রিকশা চলাচলের সুযোগ না থাকে। পাশাপাশি ক্ষতিকর লেড-এসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহার এবং নির্দিষ্ট এলাকাভিত্তিক রিকশা চলাচলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত এক দশকে থ্রি-হুইলার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইকগুলো দেশের গ্রামীণ ও নগর যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এর ফলে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি অনানুষ্ঠানিক অর্থনীতিতে বিশাল কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে অনিয়ন্ত্রিতভাবে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক চাপ সৃষ্টি হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সারাদেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। তবে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজার ৩০০টি। শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় ৪৮ হাজার অবৈধ চার্জিং পয়েন্ট পরিচালিত হচ্ছে, যার ফলে অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে সরকার প্রতি বছর প্রায় ৪ হাজার কোটি টাকার বিপুল রাজস্ব হারাচ্ছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়মিত ডাম্পিং অভিযান চালাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ডিএমপি, ডেসকো ও ডিপিডিসি যৌথভাবে অভিযান পরিচালনা করছে বলেও তিনি সংসদকে জানান।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button