কক্ষজুড়ে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা ডা. তাহের

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দকৃত কক্ষে প্রচুর উইপোকার উপদ্রব দেখতে পেয়ে রাত্রিযাপন না করেই কক্ষ ছেড়ে চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
কক্ষ পরিবর্তনের জন্য অনুরোধ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিকল্প ব্যবস্থা না করায় শুক্রবার রাতে তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ দলীয় জোটের দেশব্যাপী আয়োজিত লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বুকিং করা হয়েছিল। পরে রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে পুরো কক্ষজুড়ে প্রচুর উইপোকার ছড়াছড়ি দেখতে পান।
এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে তিনি তাৎক্ষণিক সার্কিট হাউসের দায়িত্বরত কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন এবং একই সঙ্গে একটি কম্বল চান। তবে অভিযোগ উঠেছে, কর্মচারীরা কক্ষ পরিবর্তনের কোনো ব্যবস্থা করতে পারেনি।
পরবর্তীতে তার সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান বিষয়টি কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) অবহিত করেন। কিন্তু এরপরও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ বা বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়নি।
দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সমাধান না পেয়ে একপর্যায়ে সার্কিট হাউসে রাত্রিযাপন না করেই সেখান থেকে চলে যান বিরোধীদলীয় উপনেতা।
এ ঘটনায় কুমিল্লা সার্কিট হাউসের রক্ষণাবেক্ষণ ও অতিথি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথির কক্ষে এমন পরিস্থিতির পরও কেন তাৎক্ষণিকভাবে বিকল্প কক্ষের ব্যবস্থা করা হলো না—এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমিল্লা সার্কিট হাউসের মতো জায়গায় এমন চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’
তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
source: Barta Bazar