ডিএমপিতে আইন লঙ্ঘনে ২৩০৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ অভিযানে ২ হাজার ৩০৬টি মামলা, ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৩৬টি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
আকতার হোসেন জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালায়। এসময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্যানুযায়ী, ট্রাফিক উত্তরা বিভাগে সর্বোচ্চ ৪৬৮টি মামলা করা হয়েছে। এ বিভাগে ৪৩টি বাস, ১৯টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি এবং ১৯৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া ট্রাফিক ওয়ারী বিভাগে ৪১৫টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৪০৩টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩২২টি, ট্রাফিক গুলশান বিভাগে ২৩৬টি, ট্রাফিক লালবাগ বিভাগে ১৯৩টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৫৬টি এবং ট্রাফিক রমনা বিভাগে ১১৩টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো, নির্ধারিত নিয়ম না মানা এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধেই এসব আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
source: Asia Post