কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান পূর্বতম মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতায় নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে সই করেন। অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ভারতের ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের গ্র্যাজুয়েট। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, রোড আইল্যান্ড থেকে নেভাল কমান্ড কলেজ কোর্স সম্পন্ন করেন।
একাডেমিক জীবনে তিনি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে এমএসসি এবং ভারতের তামিলনাড়ু ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি ডিগ্রি অর্জন করেন। সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার থেকেও সিনিয়র স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) পিএইচডি করছেন।
বর্ণাঢ্য সামরিক জীবনে রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট এবং কমোডর নেভাল অ্যাভিয়েশন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দক্ষ নেভিগেটর হিসেবে তার কর্মজীবনের উল্লেখযোগ্য অংশ সমুদ্রগামী দায়িত্ব ও নেভিগেশন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি একটি করভেট, দুটি অফশোর প্যাট্রল ভেসেল, তিনটি মিডিয়াম ও স্মল ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং একটি মিসাইল বোটের অধিনায়কত্ব করেছেন।
নৌ সদর দপ্তরে তিনি পরিচালক, নৌ পরিকল্পনা; পরিচালক, নৌ অ্যাভিয়েশন এবং নেভাল সেক্রেটারি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
source: The Dhaka Diary